গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ১১৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৩৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) পর্যন্ত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা প্রায় ৬০,০৩৪ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে ৪৭ শতাংশেরও বেশি নারী ও শিশু। এর মধ্যে ৯,৭৮২ জন নারী এবং ১৮,৫৯২ জন শিশু নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ২২ জন নিহত এবং ১৯৯ জনেরও বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে ত্রাণপ্রত্যাশীদের ওপর ইসরাইলি বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ১,১৭৯ জনে পৌঁছেছে, এবং ৭,৯৫৭ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।