সোমবার (৩০ জুন) ইতালির মন্ত্রিসভা শ্রমিক সংকট মোকাবিলায় ৫ লাখ নতুন ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছে। রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে। বৈধ অভিবাসন চ্যানেল সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে ইতালি এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য নতুন কর্ম ভিসা দেওয়া হবে।
২০২৬ সালে মোট ১৬৪,৮৫০ জনকে কর্ম অনুমতি দেওয়া হবে। এরপর ধাপে ধাপে ২০২৮ সালের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন নতুন কর্ম ভিসা নিয়ে ইতালিতে যেতে পারবেন। প্রায় তিন বছর আগে ডানপন্থি জোটের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভিসা নীতি সহজ করে আসছেন। বিদেশি শ্রমিক নিয়োগে এটি তার দ্বিতীয় বড় পদক্ষেপ। ইতিমধ্যে সরকার ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি অভিবাসীর জন্য পারমিট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
ইউরো অঞ্চলে বয়স্ক জনসংখ্যা এবং জন্মহার হ্রাসের কারণে শ্রমিক সংকট তীব্র হয়েছে। তাই ইতালিসহ অনেক দেশ দক্ষ শ্রমিকদের প্রবেশের জন্য ভিসা নীতি সহজ করছে।
.jpeg)