কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামায়াতের সমাবেশ শুরু
ঢাকা, ১৯ জুলাই ২০২৫: জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে।শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর, এবং সাইমুম শিল্পী গোষ্ঠী এটি পরিচালনা করে। সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগেই জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উদ্যানের বাইরেও হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী। সমাবেশে উত্থাপিত সাত দফা দাবি হলো: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, এবং এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।