বলিউড সুপারস্টার শাহরুখ খান তার আসন্ন সিনেমা *কিং*-এর শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হয়েছেন। সূত্রের খবর, পেশিতে আঘাত পেয়েছেন তিনি, এবং আঘাতের তীব্রতা এতটাই যে তাৎক্ষণিকভাবে সিনেমার শুটিং বন্ধ করতে হয়েছে।
বর্তমানে চিকিৎসার জন্য শাহরুখকে তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। সূত্র জানায়, সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা করা হবে। জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় স্টান্ট করতে গিয়ে তিনি আহত হন। তবে শরীরের কোথায় এবং কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের টিমের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
অনেকে বলছেন, সম্পূর্ণ সুস্থ হতে শাহরুখের প্রায় এক মাস সময় লাগতে পারে। এরপর তিনি পুরোপুরি কাজে ফিরতে পারবেন। ফলে *কিং* ছবির পরবর্তী শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বর বা নভেম্বর মাস থেকে।