Tuesday, July 1, 2025

জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তি: কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাফিক পুলিশের কনস্টেবল ফারজুল ইসলাম রনিকে পুলিশ লাইনে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে ওই পুলিশ সদস্য ছুটিতে থাকলেও তার ছুটি বাতিল করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তিনি ছুটিতে আছেন, তবে তার ছুটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” গত মঙ্গলবার (১ জুলাই, ২০২৫) বিকেলে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লব অবমাননাকর পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে ছাত্র সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, এবং তারা বিক্ষোভ মিছিল শুরু করে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তির দাবিতে মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। তারা কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক অবরোধ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, “কুষ্টিয়া ট্রাফিক বিভাগের কনস্টেবল ফারজুল ইসলাম রনি ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক পোস্ট করেছেন। আমরা তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি এবং এসপি অফিসের সামনে সড়ক অবরোধ করে তার শাস্তির দাবি জানাচ্ছি। তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।” একই সংগঠনের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, “জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করে পোস্ট দিয়েছেন পুলিশ সদস্য ফারজুল। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক।” বিক্ষোভে উপস্থিত ছিলেন হাসিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধন, নয়ন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুলতান মারুফ তালহা, রাসেল পারভেজসহ শতাধিক নেতাকর্মী। কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বর্তমানে ছুটিতে আছেন।” ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত। পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “কুষ্টিয়া জেলা পুলিশের সব ইউনিটে জুলাই অভ্যুত্থানবিরোধী ও রাষ্ট্রবিরোধী মন্তব্য পোস্ট না করার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.