ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, বিকেল সোয়া ৪টার দিকে। আহত শ্রমিকদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের “বিদ্রোহী” ছাত্রাবাসের পাশে একটি ১০ তলা ছাত্রাবাস নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এই ছাত্রাবাসের নিচতলার একটি বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। আজ সকাল থেকে শ্রমিকেরা ঢালাইয়ের কাজ করছিলেন। কিন্তু বিকেল সোয়া ৪টার দিকে বিকট শব্দে পুরো ছাদ ধসে পড়ে। এ সময় কাজ করা অন্তত ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে একজন গুরুতর আহত শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, ঘটনার কারণ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধসের কারণ এবং কারও গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।