ঢাকা, ২২ জুলাই ২০২৫: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লিখেন, “শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোয়ায়েরকে প্রত্যাহার করা হয়েছে।” এছাড়া, তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি আরও লিখেন, “মাইলস্টোন ট্র্যাজেডি পূর্ণাঙ্গ তদন্তের জন্য শিগগিরই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবির সঙ্গে সমন্বয় করে তদন্ত কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।”
বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটকানোর চেষ্টা করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।