Wednesday, July 30, 2025

বগুড়ায় স্কুলব্যাগে ১০ কেজি গাঁজাসহ ট্রেনের ৩ নারী যাত্রী গ্রেফতার

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে দাঁড়ানো একটি ট্রেনের বগির মধ্যে দুইটি স্কুলব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ তিন নারী যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন সান্তাহার জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়ানো অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সিটে ওই তিন নারী যাত্রী ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। তবে তাদের কাছে রংপুর থেকে নাটোর স্টেশন পর্যন্ত টিকিট ছিল। বৈধ যাত্রী সেজে আসন দখল করে দুইটি স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সান্তাহার স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়ানো ট্রেনে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—কুড়িগ্রাম সদরের নতুন রেলস্টেশন এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে কলি বেগম (২৭), শরিয়তপুরের গোসাইরহাটের মাছুয়াখালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া (২১) এবং কুড়িগ্রামের ফুলবাড়ির কাশিপুর কলেজ মোড়ের রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯)।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা কৌশলী মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.