বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন কি পারবেন না, এটি দলগুলোর অভ্যন্তরীণ সিদ্ধান্তের বিষয় হওয়া উচিত। এখানে বিধিনিষেধ আরোপ করা ব্যক্তির অধিকারের সঙ্গে জড়িত।
মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী একই সঙ্গে সংসদীয় নেতা হবেন, এ বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত। কিন্তু পার্টির প্রধানকেই যে প্রধানমন্ত্রী করা হবে, এমন কোনো কথা নেই। বিষয়টি ব্যক্তির অধিকারের সঙ্গেও জড়িত। গণতান্ত্রিক চর্চায় যিনি প্রধানমন্ত্রী হলেন, তিনি কয়েক দিন পরে পার্টি প্রধান না-ও থাকতে পারেন। এটি সিদ্ধান্ত নেবে দল বা জোট।”
আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া প্রমুখ। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দার।