কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ১০৪ জন বিদেশি নাগরিক, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন, তাদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
একেপিএস’র এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে এই বিদেশিদের শনাক্ত করা হয়। যাত্রীদের অধিকাংশ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান থেকে এসেছিলেন। তবে কতজন বাংলাদেশি ছিলেন, তা বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
সংস্থাটি বলেছে, “মালয়েশিয়ার প্রবেশপথগুলোর নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখব। শুধুমাত্র নির্ধারিত শর্ত পূরণকারী ব্যক্তিদেরই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।”