Sunday, August 31, 2025

আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত: জিনপিংকে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (৩১ আগস্ট) চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মোদি বলেন, দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ আমাদের পারস্পরিক সহযোগিতার সঙ্গে জড়িত, যা সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে।

বৈঠকে মোদি জানান, পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। গত বছর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। মোদি কৈলাশ মানসসরোবর যাত্রা পুনরায় চালু এবং ভারত-চীনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ভারত ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব এখন রূপান্তরের দিকে এগোচ্ছে। চীন ও ভারত বিশ্বের প্রাচীনতম সভ্যতার দুটি দেশ এবং সর্বাধিক জনবহুল দেশ। আমরা গ্লোবাল সাউথের অংশ। তাই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হওয়া এবং ড্রাগন ও হাতির একসঙ্গে অগ্রসর হওয়া অত্যন্ত জরুরি। চলতি বছরের এসসিও শীর্ষ সম্মেলন চীনের বোহাই সাগরের তীরে অবস্থিত উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে অনুষ্ঠিত হচ্ছে। ৩১ আগস্ট শুরু হওয়া এই দুদিনব্যাপী সম্মেলনে ২০টির বেশি দেশের নেতা এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধান যোগ দেবেন বলে জানিয়েছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন। এসসিওর সদস্য রাষ্ট্র হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট তোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান অংশ নিচ্ছেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ আরও বেশ কয়েকজন নেতা যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস এবং আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্নও অংশ নেবেন।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.