Sunday, August 17, 2025

রাজশাহীতে অভিযানে অস্ত্র-গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার; কোচিং সেন্টারের পরিচালকসহ তিনজনের নামে মামলা

রাজশাহী নগরের কাদিরগঞ্জে ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম।

অভিযানে আটক তিনজনকে মামলায় আসামি করা হয়েছে। তাঁরা হলেন, ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টারের পরিচালক মোন্তাসেরুল আলম ওরফে অনিন্দ্য (৩৩) এবং তাঁর দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সাল (৩০)।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার দুপুরের মধ্যে তাঁদের আদালতে হাজির করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে। গ্রেপ্তার মোন্তাসেরুল আলম রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের (লাট্টু) ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আত্মীয়। তিনি কাদিরগঞ্জে নিজ বাড়ির পাশে ‘ডক্টর ইংলিশ’ নামে কোচিং সেন্টার পরিচালনা করতেন।
শনিবার ভোর থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কোচিং সেন্টারে অভিযান চালায়। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দুরবিন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশি অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ এবং নাইট্রোজেন কার্টিজ। এ ছাড়া, অস্ত্রের খোঁজে কোচিং সেন্টারের সামনের পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। তবে, কয়েক ঘণ্টা তল্লাশির পর কিছুই পাওয়া যায়নি।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.