কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. সুলতান (৬২) নামে এক অটোরিকশা চালককে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। পরদিন উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সুলতানের মৃত্যু হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে এবং এ ঘটনায় আরো তিনজনের সম্পৃক্ততার কথা জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জের গোপিনাথপুর এলাকার মরহুম জসিম উদ্দিনের ছেলে হিরু শেখ (৪৫) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের মরহুম আফাজ উদ্দিনের ছেলে বিপ্লব (৪৫)। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাতে কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাকুন্দিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে অটোরিকশা বিক্রির ১৮ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার এবং চোরাই অটোরিকশা উদ্ধারে পুলিশি অভিযান চলমান রয়েছে।