ঢাকা, ১৯ আগস্ট ২০২৫: ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট মোহাম্মদপুরে ছিনতাই চক্রের প্রধান বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সাভারের শামলাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি’র একটি দল জানতে পারে যে মোহাম্মদপুর ও আদাবর এলাকার ছিনতাইকারী বিল্লাল সাভারের শামলাপুরে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লাল মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় চাপাতি ও ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই করত।
সিটিটিসি সূত্রে জানা যায়, বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।