সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগের তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে। গতকাল *প্রথম আলো*য় প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে, তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম এই অভিযোগের সঙ্গে জড়িয়েছে, যার মধ্যে রয়েছে ঢাকা ক্যাপিটালস।
এই বিষয়ে আজ ঢাকা ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, “আমরা শুরু থেকেই বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছি এবং তাঁরা যখন যে তথ্য চেয়েছেন, আমরা সব সময় তা সরবরাহ করেছি। তদন্ত প্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তিগত বিষয়, কোনো ক্রিকেটার এর সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমরা সততা, স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশা আল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।”