Monday, August 25, 2025

আগামী সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি করলে ব্যবস্থা নেবে দুদক

ঢাকা, ২৫ আগস্ট ২০২৫: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। কেউ কালো টাকার ছড়াছড়ি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রয়োজনে নজরদারির জন্য দুদকের বিশেষ দল কাজ করবে বলেও জানান তিনি।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, “নির্বাচনে কালো টাকা ব্যবহারের কোনো সুযোগ নেই। আইনের ফাঁকফোকর দিয়ে এ ধরনের অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা নিয়ন্ত্রণে দুদকসহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর থাকবে।” তিনি আরও বলেন, “নির্বাচন হলে বিভিন্ন কারণে টাকা-পয়সা খরচ করার প্রবণতা বেড়ে যায়। আমাদের দেশে ভোটার ক্রয় করার একটা প্রবণতা রয়েছে। টাকা-পয়সার ব্যবহার বেড়ে গেলে এর দুটি দিক থাকে—একটি ডিমান্ড সাইড, আরেকটি সাপ্লাই সাইড। আমাদের সাপ্লাই সাইড বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা রয়েছে, আমাদেরও (দুদকের) ভূমিকা রয়েছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে।” অবৈধ টাকার পরিমাণ বেড়ে গেলে তা মুদ্রাস্ফীতির কারণ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচনের সম্পদ বিবরণীতে কোনো প্রার্থী ভুয়া তথ্য দিলে তা জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “হলফনামা জমা দেওয়ার পর আমাদের হাতে সময় কম থাকে। মিডিয়ার কাছে যদি কোনো তথ্য থাকে যে কেউ তথ্য লুকিয়েছেন, তাহলে আমাদের সঙ্গে তা শেয়ার করবেন।”
দুদক চেয়ারম্যান সবাইকে এখন থেকে ‘দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না’ বলে আওয়াজ তোলার আহ্বান জানান। তিনি বলেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ এবং নির্বাচনের প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.