ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন চার সদস্য বিশিষ্ট আংশিক প্যানেলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের।
রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সুবিধার জন্য এবি জুবায়ের ডাকসু কেন্দ্রিক কয়েকটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো:
- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল ও শেখ মুজিব হলের কেন্দ্র ল্যাবরেটরিতে স্থাপন করা।
- কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের কেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটে স্থাপন করা।
- মনোনয়ন সংগ্রহ থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা।
- ভোটের জন্য নির্দিষ্ট কোনো আইডি নির্ধারণ না করে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বৈধ আইডি কার্ড দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করা।
- প্রার্থীদের মূল নামের পাশাপাশি পরিচিত নিকনেম ব্যবহারের অনুমতি দেওয়া।
- ব্যালট পেপারে নাম এবং ব্যালট নম্বরের পাশে প্রার্থীদের ছবি সংযুক্ত করা।
- নারী শিক্ষার্থী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা ও সাইবার বুলিং থেকে সুরক্ষা দেওয়া।
- মাদকাসক্ত কোনো নেতৃত্ব যেন নির্বাচিত হতে না পারে, সেজন্য ডোপ টেস্টের ব্যবস্থা করা।
নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় সদস্য সম্পাদক আশিক খান বলেন, বহিরাগতরা এখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পার্কের মতো ব্যবহার করছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এটি নির্বাচনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, অভ্যুত্থানে হামলায় জড়িত ফ্যাসিবাদী শিক্ষকরা এখনো তাদের পদে বহাল রয়েছেন এবং ডাকসু নির্বাচনে তাদের দায়িত্ব দেওয়া হবে। তাদের স্বপদে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতিদ্রুত এসব শিক্ষকদের বিচারের আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ এবং কেন্দ্রীয় সদস্য সম্পাদক আব্দুর রহমান আল ফাহাদ।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.