Monday, August 11, 2025

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপানের ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সমঝোতা করে রেখেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে অক্টোবরে এই দুই এশিয়ান দেশের বিপক্ষে ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাণিজ্যিক চুক্তি এবং আমলাতান্ত্রিক বিষয়গুলো চূড়ান্ত করতে ব্রাজিল বর্তমানে আলোচনা চালাচ্ছে।

‘গ্লোবো স্পোর্ত’ জানায়, আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে কার্লো আনচেলত্তির দল। এর আগে ২০২২ বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ এবং জাপানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল তিতের ব্রাজিল।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে মোট ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল। এ বছরের নভেম্বরে কোনো আফ্রিকান দলের বিপক্ষে এবং আগামী বছরের মার্চে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় সিবিএফ। এই ম্যাচগুলোর ভেন্যু নির্ভর করছে বাণিজ্যিক চুক্তির ওপর। ২০২৬ বিশ্বকাপ আগামী বছর ১১ জুন শুরু হবে, যার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এছাড়া, আগামী বছর জুনের শুরুতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ব্রাজিলের। তবে এ বিষয়টি কোচিং স্টাফের মতামতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ‘গ্লোবো স্পোর্ত’।
ব্রাজিল ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী মাসে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে তারা। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির মুখোমুখি হবে ব্রাজিল এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে এই দক্ষিণ আমেরিকান দলটি।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.