বুধবার পুরুষ ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্সের প্রভাব লক্ষণীয়। টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১০০-এর বাইরে থাকা ব্রেভিস নবম ম্যাচে রেকর্ডগড়া ইনিংসের সুবাদে ৮০ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন।
অন্যদিকে, চলমান সিরিজে দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়ার টিম ডেভিড ৬ ধাপ এগিয়ে প্রথমবার দশম, ক্যামেরন গ্রিন ৬ ধাপ এগিয়ে ১৭তম, প্রোটিয়া ব্যাটার ত্রিস্তান স্টাবস ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং রায়ান রিকেলটন ৪৫ ধাপ এগিয়ে ৮১তম স্থানে উঠেছেন। টি-টোয়েন্টি ব্যাটিংয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। তিলক ভার্মা ও ফিল সল্ট এক ধাপ এগিয়ে যথাক্রমে দুই ও তিনে। বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে আছেন জ্যাকব ডাফি, আদিল রশিদ ও আকিল হোসেন।
প্রোটিয়া তরুণ পেসার কেনা মাফাখা ৬১ ধাপ এগিয়ে ৯১তম, অস্ট্রেলিয়ার বেন দারউইশ ৬০ ধাপ এগিয়ে ৬১তম, লুঙ্গি এনগিডি ১৪ ধাপ এগিয়ে ৫০তম এবং কাগিসো রাবাদা ১৫ ধাপ এগিয়ে ৪৪তম হয়েছেন। ওয়ানডে ব্যাটিংয়ে বাবর আজম এক ধাপ পিছিয়ে তৃতীয়, রোহিত শর্মা এক ধাপ এগিয়ে দ্বিতীয় এবং শুভমান গিল শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ৯ ধাপ এবং পাকিস্তানের আব্দুল্লাহ শফিফে ৭ ধাপ এগিয়েছেন।
ওয়ানডে বোলিংয়ে ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতি ৫ ধাপ এগিয়ে ১২তম এবং জেইডেন সিলস ২৪ ধাপ এগিয়ে ৩৩তম। শীর্ষ তিন বোলার— মহেশ থিকশানা, কুলদীপ যাদব ও কেশভ মহারাজ। টেস্ট ব্যাটিংয়ে রাচিন রবীন্দ্র ১৫ ধাপ এগিয়ে ২৩তম, ডেভন কনওয়ে ৭ ধাপ এগিয়ে ৩৭তম এবং হেনরি নিকোলস ৬ ধাপ এগিয়ে ৪৭তম। শীর্ষ তিন ব্যাটার— জো রুট, হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসন।
টেস্ট বোলিংয়ে শীর্ষে জাসপ্রিত বুমরাহ ও কাগিসো রাবাদা। ম্যাট হেনরি এক ধাপ এগিয়ে তৃতীয়, আর প্যাট কামিন্স এক ধাপ পিছিয়ে চতুর্থ।