চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রী ও তিন সন্তানের নির্যাতন থেকে মনোয়ার হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামে (পালের বাড়ি) এ ঘটনা ঘটে।
প্রতিবেশী ইমাম হোসেন নান্টু জানান, একটি অটোরিকশা কেনাবেচা নিয়ে মনোয়ারের স্ত্রী তাসলিমা বেগম, ছেলে জুয়েল, বড় মেয়ে প্রিয়া ও ছোট মেয়ে রিয়া মিলে তাঁর হাত-পা বেঁধে মারধর করেন। একপর্যায়ে মেয়েরা বালিশ চাপা দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। মনোয়ারের চিৎকার শুনে স্থানীয়রা পুলিশে খবর দেন, এবং পুলিশ ও এলাকাবাসী মিলে তাঁকে উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, মনোয়ারের পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে দুই ছেলে বিদেশে থাকেন। অটোরিকশা কেনাবেচা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া জমি নিয়েও বিরোধ রয়েছে। স্ত্রী ও তিন সন্তানকে আটক করা হয়েছে, এবং রোববার এ বিষয়ে মামলা নেওয়া হবে।