রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি-ব্লকে চাপাতি ঠেকিয়ে মোহাম্মদ নাজিম উদ্দিন নামে এক যুবকের কাছ থেকে ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পাঠাও কুরিয়ার সার্ভিসে চাকরি করেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী জানান, “আমি পাঠাও কুরিয়ার সার্ভিসে চাকরি করি। বিকেলে একতা হাউজিংয়ের ৫ নম্বর রোডের মসজিদের সামনে ডেলিভারি দিয়ে ঢাকা উদ্যান ৫ নম্বর রোডের ডি-ব্লক দিয়ে মেইন রোডের দিকে আসছিলাম। পথে ১৪ নম্বর বাড়ির সামনে চাপাতিসহ তিন যুবক আমার সাইকেলের গতি রোধ করে। তারা আমার কাছে থাকা ৪১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। আমি ফোনটি ফেরত চাইলে তারা দূর থেকে ফোনটি ছুড়ে দেয়। এরপর তারা একটি রিকশায় করে একতা হাউজিংয়ের দিকে চলে যায়। কর্তৃপক্ষের নির্দেশে আমি মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেছি।”
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সাদা পাঞ্জাবি পরা এক যুবক সাইকেল নিয়ে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি-ব্লক দিয়ে আসছিলেন। পথে তিন যুবক তার গতিরোধ করে চাপাতি দেখিয়ে টাকা নিয়ে রিকশায় করে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল মোমিন বলেন, “অভিযোগটি আমলে নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের ধরার চেষ্টা চলছে।”