চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন জিপিটি ৫ মডেল আগের সব সংস্করণের তুলনায় অনেক বেশি শক্তিশালী, বুদ্ধিমান ও নিরাপদ। প্রতিষ্ঠানটির দাবি, এই মডেলটি পিএইচডি স্তরের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জিপিটি ৫-কে চ্যাটজিপিটির নতুন যুগের সূচনা হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, এটি আগের মডেলগুলোর তুলনায় আরও স্মার্ট, দ্রুত ও কার্যকর।
জিপিটি ৫ মডেল ইতিমধ্যে প্রযুক্তিবিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, এর সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি হলো ভুয়া তথ্য শনাক্তকরণের উন্নত ক্ষমতা। এ ছাড়া, ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগে এটি আগের মডেলগুলোর তুলনায় বেশি দক্ষ। ওপেনএআইয়ের তথ্যানুসারে, জিপিটি ৫ তিনটি সংস্করণে পাওয়া যাবে: জিপিটি ৫, জিপিটি ৫ মিনি এবং জিপিটি ৫ ন্যানো। ব্যবহারকারীরা জিপিটি ৫ ও মিনি সংস্করণ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন, তবে জিপিটি ৫ প্রো সংস্করণের জন্য মাসে ২০০ ডলার খরচ করতে হবে। মডেলটি ওপেনএআইয়ের সব সেবায় একীভূত করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তি বিশ্লেষণ, ছবি তৈরি, ওয়েব ব্রাউজিং এবং ভয়েস মোড।
মাইক্রোসফট ইতিমধ্যে তাদের বিভিন্ন সেবায় জিপিটি ৫ যুক্ত করার ঘোষণা দিয়েছে। গুগলের বিভিন্ন সেবাও শিগগিরই এই মডেল সমর্থন করবে। জিপিটি ৫ প্রো সংস্করণে জিমেইল, গুগল সার্চ, ক্যালেন্ডারসহ অন্যান্য সেবা সরাসরি ব্যবহার করা যাবে। ওপেনএআই জানিয়েছে, ভবিষ্যতে এই সুবিধাগুলো অন্য সংস্করণেও উন্মুক্ত করা হবে।