চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় ইকবাল হোসেন নামে এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সাহায্য চাওয়ার একটি ৩৬ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁর মুখে রক্ত দেখা যায়।
ভিডিওতে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবাল হোসেন বলেন, ‘আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ায় পুরাতন চারতলায় আছি। আমাকে…বিএনপির হারুন; ওদেরকে সন্ত্রাসীদের টাকা দিই নাই বলে আমাকে মারছে, আমাকে মারার জন্য খুঁজতেছে। আমি লুকাই আছি একটা ঘরের মধ্যে। ৯৯৯-এ ফোন দিয়েছি। ২০-৩০ মিনিট হয়ে গেছে, ওরা আসতেছে না। আমার ভাগনে-ভাগনিকে নিয়ে গেছে। আমাকে বাঁচান ভাই।’
ইকবাল হোসেন দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে এই হামলা হয়েছে। পুলিশ তাঁকে উদ্ধার করে। তবে, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘বিএনপির নেতা জড়িত থাকার কিছু আমরা পাইনি। নিয়মবহির্ভূত ভবন নির্মাণ নিয়ে বৈঠকে অপর পক্ষের সঙ্গে হাতাহাতি হয়েছে। তিনি (চিকিৎসক) বর্তমানে চিকিৎসাধীন।’