ঢাকা, ৪ আগস্ট ২০২৫: রাজধানীর মোহাম্মদপুরে দুই বছর আগে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মির্জা সাখাওয়াত হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬–এর বিচারক মোছা. কামরুন্নাহার আজ সোমবার এ রায় ঘোষণা করেন। রায়ের পর মির্জা সাখাওয়াতকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার কাগজপত্র অনুযায়ী, ২০২৩ সালের ১০ জানুয়ারি মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় ১ কোটি টাকা যৌতুকের দাবিতে ফাতেমা বেগমকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফাতেমার বড় বোন আরজিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১-ক ধারায় মির্জা সাখাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখনই গ্রেপ্তার হন সাখাওয়াত এবং তিনি তখন থেকে কারাগারে রয়েছেন।
মামলায় বাদীর অভিযোগ, বিয়ের পর থেকে ফাতেমা বেগমকে বিভিন্ন কারণে নির্যাতন করতেন সাখাওয়াত। তিনি বারবার ফাতেমাকে তার বাবার বাড়ির জমি বিক্রি করে ১ কোটি টাকা আনতে চাপ দিতেন। ফাতেমা এতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বছরের পর বছর পারিবারিক ঝামেলা চলছিল। ঘটনার দিন মোহাম্মদপুরের বাসায় শিল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন সাখাওয়াত, যার ফলে ফাতেমার মৃত্যু হয়।