সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে রনি হোসাইন (৩২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট, ২০২৫) মধ্যরাতে পৌরসদরের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি উপজেলার আমুড়া এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট দেন। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি।