Friday, August 22, 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের দূতের সাক্ষাৎ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আশা*

গতকাল বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়ানমারের মানবাধিকারসংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ সাক্ষাৎ করেছেন।

বৈঠকে অ্যান্ড্রুজ রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার দিয়ে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সব পক্ষের সম্মিলিত ও ধারাবাহিক প্রচেষ্টায় এই সংকটের দ্রুত এবং টেকসই সমাধান সম্ভব। তিনি বাংলাদেশকে এই বিষয়ে নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। অ্যান্ড্রুজ আরও জানান, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আহ্বানের উদ্যোগ প্রধান উপদেষ্টার নেতৃত্বেই এগিয়েছে। প্রধান উপদেষ্টার উদ্দেশে অ্যান্ড্রুজ বলেন, “রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদানে বাংলাদেশের উদারতায় বিশ্ব কৃতজ্ঞ। একই সঙ্গে স্থায়ী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্ব বিশেষভাবে প্রশংসনীয়।” প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, আসন্ন জাতিসংঘ সম্মেলন দীর্ঘদিনের এই সংকট নিরসনে কার্যকর সমাধানের পথ দেখাবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবা প্রদান কঠিন হয়ে পড়েছে। তিনি পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে অ্যান্ড্রুজের প্রতি অব্যাহত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। অ্যান্ড্রুজ বলেন, বাংলাদেশ বিভিন্ন পক্ষকে সম্পৃক্ত করে সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করছে। তবে রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টির জন্য জাতিসংঘ মহাসচিবের মানবিক চ্যানেল স্থাপনের উদ্যোগ বিদ্বেষমূলক প্রচারণার কারণে ব্যাহত হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। টম অ্যান্ড্রুজ ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশে এসেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই সংলাপের উদ্বোধন করবেন।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.