মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মোংলা বন্দর দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পশুর চ্যানেলে ড্রেজিং মোংলা বন্দরের উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পশুর নদীতে ড্রেজিং বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ সমস্যা বিবেচনায় নিয়ে পশুর চ্যানেলের নাব্য সংরক্ষণের জন্য প্রায় ১,৬০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এই প্রকল্পটি ২০২৫ সালের ৮ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়। প্রকল্পটি ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।