সম্প্রতি ম্রুণালের সাক্ষাৎকারের সেই অংশ আবার ‘ভাইরাল’ হতে শুরু করে নেটপাড়ায়। নজর এড়ায়নি বিপাশারও। পরে ম্রুণালের কড়া সমালোচনা করেন তিনি। অন্তর্জালে অনেকেই বিপাশার পক্ষে দাঁড়ান। শেষ পর্যন্ত এক বিবৃতিতে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন ম্রুণাল। খবর *ইন্ডিয়ান এক্সপ্রেসের*।
বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান বিপাশা বসু। নারীরা যেন নারীদের পাশে দাঁড়ান—এমন বার্তা দিয়ে তিনি ‘পুরোনো ধ্যানধারণা ভাঙার’ আহ্বান জানান তিনি। তাঁর পোস্ট মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে, ভক্ত ও সংবাদমাধ্যমের নজর কাড়ে।
বিবৃতিতে ম্রুনাল স্বীকার করেন, মন্তব্যটি তিনি করেছিলেন ১৯ বছর বয়সে, যখন অনেক কিছু নিয়েই তাঁর ধারণা ছিল না। নিজের কথার প্রতিক্রিয়া কী হতে পারে, সেটাও ভেবে দেখেননি। তখন সেটিকে হালকা মজার ছলে বলা হলেও এখন বুঝতে পারছেন, এটার ব্যাপক প্রতিক্রিয়া হতে পারে। ম্রুনাল জানান, সময়ের সঙ্গে তিনি শিখেছেন, সৌন্দর্য সব রূপেই মূল্যবান।
নিজের ভুল বুঝতে পারায় অনেকেই অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে বিপাশা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। ম্রুণালকে সবশেষ দেখা গেছে ‘সন অব সর্দার ২’ সিনেমায়। এতে তাঁর বিপরীতে ছিলেন অজয় দেবগন। ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি সেভাবে সাড়া ফেলতে পারেনি।