মোহাম্মদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথবাহিনীর অভিযানে নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদক এবং বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩টি তাজা ককটেল বোমা, ২৫টি আধা প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, দুই দিন আগে জেনেভা ক্যাম্পে একটি হত্যাকাণ্ডের ঘটনায় সোহেলের ১৩ জন সহযোগীকে গ্রেপ্তার করা হলেও সোহেল পালিয়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে, বুনিয়া সোহেল ও তার সহযোগীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সব মালামাল আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।