দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্কহার এখন পাকিস্তানের, যুক্তরাষ্ট্র কর্তৃক দেশটির পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এটি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ২৫ শতাংশ শুল্কের তুলনায় অনেকটাই কম। পূর্বের ২৯ শতাংশ থেকে এই হ্রাস পাকিস্তানের বাণিজ্য সম্ভাবনার জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই শুল্ক হ্রাসের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে ‘গভীর কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই চুক্তি জ্বালানি, খনি ও খনিজ সম্পদ, তথ্যপ্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য খাতে অর্থনৈতিক সহযোগিতার এক নতুন যুগের সূচনা করবে।
শাহবাজ শরিফ এই চুক্তিকে ‘ল্যান্ডমার্ক’ হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের উল্লেখ অনুযায়ী, এই চুক্তির মধ্যে পাকিস্তানের তেল সম্পদ উন্নয়নের একটি সমঝোতাও রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।