শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশ শাহবাগ মোড় থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দেওয়ার পর সড়কে যান চলাচল শুরু হয়। ‘জুলাই যোদ্ধা’দের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর পুলিশ তাদের অপসারণ করে এবং তাদের অস্থায়ী মঞ্চও সরিয়ে নেয়।
এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই যোদ্ধারা’। এর ফলে শাহবাগ হয়ে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পেরিয়ে শুক্রবার সকালেও তারা সড়কের মাঝে ত্রিপল বিছিয়ে অবস্থান করেন এবং অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য দেন। সড়কের চারদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়।
অবরোধের বিরোধিতাকারী ‘জুলাই যোদ্ধারা’ সাংবাদিকদের বলেন, “প্রকৃত জুলাই যোদ্ধারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। কিন্তু জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু মানুষ শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষদের হেনস্থা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”