Saturday, August 30, 2025

প্রচারণায় এক ওষুধ কোম্পানির বছরে খরচ শত কোটি টাকা: সায়েদুর রহমান

একটি ওষুধ কোম্পানি শুধুমাত্র প্রচারণার জন্য বছরে ১০০ কোটি টাকা পর্যন্ত ব্যয় করে। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ–২০২৫’ এ এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, “আমরা কোম্পানিগুলোর অডিট রিপোর্ট পর্যালোচনা করেছি। কারও কারও বিজ্ঞাপন খাতে ১০০ কোটি টাকা ব্যয়ের তথ্য পাওয়া গেছে। পাঁচতারকা হোটেলে একটি সেমিনারে এক কোটি টাকার বেশি খরচ হয়। গালা নাইটে তিন কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়। ৪০ জনের দল একসঙ্গে বিদেশ সফরে যাওয়ার নথিও আমাদের কাছে রয়েছে।”

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশে ১ লাখ ৪০ হাজার চিকিৎসক থাকলেও সম্ভবত ১ লাখ কোনো ধরনের সুবিধা নেন না। কিন্তু বাকিদের নিয়ে প্রশ্ন উঠছে। পাঁচতারকা হোটেলে খাওয়া, বিদেশ সফর, গালা নাইট—এসব আয়োজনের খরচ কে বহন করে? স্পষ্ট করে বলছি, কোনো বিতর্কে জড়াবেন না। আমাদের কাছে সব তথ্য রয়েছে।” স্বাস্থ্যখাতের নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, “নিয়ন্ত্রণ মানে নিপীড়ন নয়। তবে স্বাস্থ্য এমন একটি খাত, যেখানে যথাযথ নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরি। এতদিন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য কোনো আইন ছিল না—এটা অবিশ্বাস্য। এখন থেকে সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজ একই আইনের অধীনে পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, “কুড়িগ্রামে যেন ঢাকার মতো চিকিৎসার মান নিশ্চিত হয়, এটাই আমাদের লক্ষ্য। বিনিয়োগ ভিন্ন হতে পারে, কিন্তু মানের ক্ষেত্রে কোনো পার্থক্য থাকা উচিত নয়। স্বাস্থ্য খাতে যৌক্তিক মুনাফার সুযোগ থাকবে, তবে অনিয়ন্ত্রিত লভ্যাংশের নামে মানহীন স্বাস্থ্যসেবা চলবে না।”

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.