গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেছে জুলাই রিভোলিউশনারি অ্যালায়েন্স। শনিবার (৩০ আগস্ট) বিকালে রাজধানীর উত্তরায় জিএম কাদেরের বাসভবনের সামনে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।
কর্মসূচিতে সংগঠনটির শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার (৩০ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি তিন দফা দাবি উত্থাপন করেন: গতকালকের ঘটনার তদন্তে কমিটি গঠন, নেতাকর্মীদের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এবং ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির নিষিদ্ধকরণ।
এর আগে, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি দিয়েছে। শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িত কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না।
বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই সহিংসতাকে কেবল নুরের ওপর নয়, বরং ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপর আঘাত হিসেবে মনে করে সরকার।
অন্তর্বর্তী সরকার জনগণকে আশ্বস্ত করেছে, এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করা হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক, জড়িত কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে বিচার নিশ্চিত করা হবে। নুর ও তার দলের আহত সদস্যদের চিকিৎসা পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এবং প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.