রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু লোক মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ভীড়ের মধ্য থেকে কয়েকজন কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে তারা অফিসে প্রবেশ করে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয়। এ সময় কার্যালয় থেকে চেয়ার-টেবিল বের করে বাইরে এনেও আগুন ধরানো হয়।
এর আগে, এদিন বিকেলে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপার একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, শুক্রবার মশাল মিছিলের নামে বেশ কয়েকজন জাতীয় পার্টির অফিসে আগুন দিতে এসেছিল। সেই সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা নেতাকর্মীদের আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন।