ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। তারা রাস্তায় নেমে এসেছেন, এবং দেশের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে পুরো ইসরায়েলে অচলাবস্থা তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে জিম্মিদের পরিবারের সদস্যরা তাদের মুক্তির দাবি জানিয়ে আসছেন। প্রয়োজনে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার দাবিও উঠেছে। কিন্তু এই দাবি উপেক্ষা করে যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার চলতি মাসের শুরুতে গাজা সিটি দখলের পরিকল্পনা হাতে নিয়েছে।
ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন। তিনি জেরুজালেমের জিম্মি স্কোয়াডে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। লাপিদ বলেন, জিম্মিরা কোনো বন্ধকী জিনিস নয় যে সরকার তাদের পরিত্যাগ করে যুদ্ধ চালিয়ে যাবে। তিনি গাজা থেকে জিম্মিদের মুক্ত করে আনার দাবি জানিয়েছেন।