Saturday, August 16, 2025

জাতীয় জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান: এই দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না

ঢাকা, ১৬ আগস্ট ২০২৫: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সবার দেশ, এখানে ধর্ম, জাতি বা গোত্রের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, শত শত বছর ধরে এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি ও উপজাতি সম্প্রদায় শান্তি ও সম্প্রীতির সঙ্গে একসঙ্গে বসবাস করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। আমরা আপনাদের সঙ্গে একত্রে কাজ করবো। নিশ্চিন্তে এই দেশে বসবাস করুন, ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করুন। আমরা আপনাদের আনন্দ ভাগাভাগি করবো এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতা দেবো।” শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে—সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো। এই দেশ সবার, আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করবো।” জন্মাষ্টমী উপলক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন সেনাপ্রধান। তিনি বলেন, “এই আদর্শের ভিত্তিতেই আমরা একসঙ্গে বসবাস করবো, সামনে এগিয়ে যাবো।” নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আজিমপুর-পলাশী এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। এই জায়গা আমার অনেক পুরনো স্মৃতিবিজড়িত।” অনুষ্ঠানে নৌ-বাহিনী প্রধান এ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.