নাটোরের সিংড়া উপজেলায় নেশার টাকা না পেয়ে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর হামলা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে ওই যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে। নিহত শরিফুল ইসলাম (২৮) ওই গ্রামের কাঠ ব্যবসায়ী শহীদ মোল্লার ছেলে। ঘটনার পর থেকে শহীদ পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যায় ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই এলাকার হাঁস-মুরগি ও বাসাবাড়িতে চুরি করতেন এবং পরিবারের সদস্যদের মারধর করতেন। তাঁকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখা হলেও তিনি সেখান থেকে চলে আসেন। তাঁর স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গেছেন। শনিবার সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে শরিফুল ধারালো অস্ত্র নিয়ে বাবার ওপর হামলা করেন। ধস্তাধস্তির সময় বাবার হাতের হাঁসুয়ার কোপে তিনি মারা যান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। নিহতের বাবা পলাতক রয়েছেন। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।