রোববার (১০ আগস্ট) মধ্যরাতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, একটি ভবনে আগুন জ্বলছে এবং অন্ধকারের মধ্যে মানুষের চিৎকার ও চেঁচামেচি। এই ভিডিওগুলো চট্টগ্রাম বন্দর এলাকার বলে দাবি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, বন্দর এলাকায় কোনো বিস্ফোরণের সংবাদ তাদের কাছে নেই।
ফেসবুকে অনেকে চট্টগ্রাম বন্দর আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে ভিডিও পোস্ট করেছেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি।
‘সত্যবার্তা’ নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, চট্টগ্রাম বন্দর এরিয়ার পাশে ভয়ংকর বিস্ফোরণ ঘটেছে। যদিও সেখানে বিস্ফোরণের স্থান বা সময় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। ওই পোস্টটি ২৭ জন শেয়ার করেছেন।
মো. আনিসুর রহমান আয়ান নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে— ‘এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর আবাসিক ভবনের ভয়ংকর বিস্ফোরণ। বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা। সকলে চট্টগ্রাম মেডিকেলে চলে আসো। আহতদের অনেক রক্তের প্রয়োজন।’
রাত দেড়টার দিকে মুহাম্মদ গোলাম রহমান আরবী নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে দাবি করা হয়েছে—চট্টগ্রাম বন্দর আশেপাশে এক ভয়ংকর বিস্ফোরণ হয়েছে। ওই পোস্টের কমেন্টে অনেকে বিস্ফোরণের স্থান ও সময় জানতে চেয়েছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ গোলাম রহমান আরবী জানান, তিনি বন্দরের কোনো এলাকায় বিস্ফোরণ হয়েছে তা জানেন না। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় থাকেন এবং ভিডিওটি তার পরিচিত লোকজনের কাছ থেকে পেয়েছেন।
কর্তৃপক্ষ জনসাধারণকে অনুরোধ করেছে, অপ্রমাণিত গুজব ছড়ানোর আগে তথ্য যাচাই করে নেওয়ার জন্য, যাতে অহেতুক আতঙ্ক না ছড়ায়।