তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বিশ্বের মুসলিম দেশগুলোকে একজোট হয়ে ইসরায়েলের গাজা নগরী দখলের পরিকল্পনার বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন। শনিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাতের পর মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
শুক্রবার আঞ্চলিক শক্তি মিসর ও তুরস্ক উভয়ই ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানায়। আঙ্কারা এটিকে ইসরায়েলের ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির’ নতুন ধাপ হিসেবে অভিহিত করে এবং পরিকল্পনা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানায়। ইসরায়েল অবশ্য গাজায় তাদের কার্যক্রমের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসানে চুক্তির জন্য মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ওআইসি বিশ্বের পরাশক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গাজা সংকটে আইনি ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। সংগঠনটি ইসরায়েলের দখল পরিকল্পনা বন্ধে জরুরি পদক্ষেপ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।