ঢাকা, ১ আগস্ট ২০২৫: সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামানোকে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন। আজ শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এটা জয়-পরাজয়ের বিষয় নয়। নির্ধারিত শুল্কের হারে আমরা প্রতিযোগিতায় তুলনামূলকভাবে সন্তোষজনক অবস্থানে আছি। আমরা ২০ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনাম ২০ শতাংশ, ভারত ২৫ শতাংশ।’
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে ট্যারিফের হার প্রতিযোগিতার ক্ষেত্রে সন্তোষজনক। আমাদের প্রতিযোগীদের সঙ্গে যা হয়েছে, তা ঠিক আছে। এটা সন্তোষজনক।’
সম্প্রতি বাণিজ্য সচিবের ২৫টি বোয়িং বিমান কেনার কথার সঙ্গে শুল্ক হ্রাসের সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘কিছু তো করতেই হবে। যুক্তরাষ্ট্র তাদের পণ্য রপ্তানির স্বার্থে এই অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। বাংলাদেশ, আমাদের অর্থনীতি ও ব্যবসায়ীরা কতটা সহ্য করতে পারবে, সেটা আলোচনার বিষয়। বিস্তারিত জানলে মন্তব্য করতে পারব।’