মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম মনোনয়ন দিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউস এই তথ্য জানায়। হোয়াইট হাউসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম মনোনয়ন দিয়ে তা অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট প্রথমে কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। মনোনয়নটি অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়। সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি ঢাকায় দায়িত্ব পালন করেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর পিটার হাস যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান।