বুধবার বেইজিংয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব, যখন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন প্রথমবারের মতো একসঙ্গে একটি বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিজিটিএন এই তিন নেতার ছবি প্রকাশ করেছে।
বেইজিংয়ে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ ছিল চীনের সামরিক শক্তির একটি দৃষ্টান্তমূলক প্রদর্শন। চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার এই তিন নেতা প্রথমবারের মতো একত্রিত হয়েছেন। কুচকাওয়াজ চলাকালে সি ও কিম পাশাপাশি বসে ছিলেন এবং তাঁদের মধ্যে আলাপচারিতাও লক্ষ্য করা গেছে। এর আগে ২০১৯ সালে কিম জং–উন সর্বশেষ চীন সফর করেছিলেন।
কুচকাওয়াজের শুরুতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, “‘অপ্রতিরোধ্য চীন’কে কোনোভাবেই ভয় দেখানো যাবে না।” এই সামরিক কুচকাওয়াজে চীন তাদের নতুন অস্ত্রশস্ত্র প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পানির নিচে পরিচালনায় সক্ষম বিশাল ড্রোন।