নোয়াখালী শহরের মাইজদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে। এ সময় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানের নেতৃত্বে শহরের সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়কের পাশে অবৈধভাবে রাখা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও চালকরা মাইজদী প্রধান সড়ক অবরোধ করে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।