পটুয়াখালী, ৩ সেপ্টেম্বর ২০২৫: পটুয়াখালীর লোহালিয়া ব্রিজের নিচ থেকে তুহিন হাওলাদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ডিবি পুলিশের গ্রেফতার এড়াতে গত ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তুহিন লোহালিয়া নদীতে ঝাঁপ দেন। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ব্রিজ সংলগ্ন এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।
তুহিন পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠী এলাকার বাসিন্দা মোঃ কালাম হাওলাদারের ছেলে। স্থানীয়দের মতে, মঙ্গলবার রাতে লোহালিয়া ব্রিজের কাছে ডকইয়ার্ড এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তুহিন, কসাই আল-আমিন এবং সিডি আল-আমিন নামে দুজনসহ তিনজন নদীতে ঝাঁপ দেন। এদের মধ্যে কসাই আল-আমিন ও সিডি আল-আমিন সাঁতার কেটে নদীর ওপারে চলে যান, কিন্তু তুহিন নিখোঁজ হন। প্রায় ২৪ ঘণ্টা পর তার লাশ ব্রিজের নিচে ভেসে ওঠে।
পটুয়াখালী সদর থানার ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট রহস্য উদঘাটনে কাজ করছে।