ঢাকা, ১৫ মে ২০২৫: জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসনের জন্য প্রণীত ‘জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। একই সঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সংশোধিত অধ্যাদেশের খসড়াও চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশের খসড়া পুনর্গঠন ও সার্বিক পর্যালোচনার জন্য ৫ জন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
এছাড়া, বৈঠকে আরও কয়েকটি নীতিমালার খসড়া অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’, ‘লোক্যালি লেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক’ এবং ‘জাতীয় জীন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’। এসব নীতিমালা দেশের পরিবেশগত ও জৈবিক সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ.আই/এম.আর