ভোপাল, ৩ জুন ২০২৫: ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী মঙ্গলবার ভোপালে একটি দলীয় সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন কলের পর মোদি পাকিস্তানের বিরুদ্ধে আত্মসমর্পণ করেছেন। এই মন্তব্য তিনি ভারত-পাকিস্তান সংঘাত এবং পরবর্তী যুদ্ধবিরতির প্রেক্ষাপটে করেছেন।
রাহুল গান্ধী বলেন, গত ৭ মে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালায়, যার জবাবে পাকিস্তানও পাল্টা হামলা করে। এই সংঘাতে পাকিস্তান ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে। এরপর ১১ মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। রাহুল দাবি করেন, এই যুদ্ধবিরতি ট্রাম্পের হস্তক্ষেপের ফল, এবং মোদি তাঁর ফোনের পরই নতি স্বীকার করেছেন।
তিনি ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উল্লেখ করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের হুমকি সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং কখনো আত্মসমর্পণ করেননি। তিনি বলেন, “ট্রাম্পের একটি ফোন আসে আর নরেন্দ্র মোদি সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করেন। এটি বিজেপি-আরএসএসের চরিত্র। তারা সবসময় নতি স্বীকার করে।”
রাহুল আরও বলেন, “১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ভারত পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছিল। কংগ্রেস কখনো সুপার পাওয়ারের কাছে নতি স্বীকার করে না। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, এবং বল্লভভাই প্যাটেলের মতো নেতারা সবসময় লড়াই করেছেন।” তিনি বিজেপি-আরএসএসের সমালোচনা করে বলেন, তাদের “আত্মসমর্পণ পত্র লেখার অভ্যাস” ভারতের স্বাধীনতার শুরু থেকেই রয়েছে।
এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। বিজেপি এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এ.আই/এম.আর
