ঢাকা, ২১ জুন, ২০২৫: বাংলাদেশ ব্যাংক প্রবাসে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো তাদের বার্ষিক বিক্রির ১ শতাংশ বা সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত বৈদেশিক লেনদেনের জন্য অর্থ পাঠাতে পারবে। তবে ব্যাংক, বিমা, ক্ষুদ্রঋণ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এই সুবিধার আওতার বাইরে থাকবে।
গত বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি হিসাবে পণ্য আমদানি বা সেবা গ্রহণের জন্য সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত অর্থ পাঠানোর প্রক্রিয়া এখন আরও সহজ ও দ্রুত হবে। আগে এই সুবিধা শুধু শিল্প ও নির্দিষ্ট সেবা খাতের জন্য সীমাবদ্ধ ছিল। নতুন নিয়মে ট্রেডিংসহ বিভিন্ন খাত এখন এই সুবিধার আওতায় এসেছে।
অর্থনীতিবিদরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি দেশের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং বৈশ্বিক লেনদেনে গতি আনবে।
তবে সতর্কতা হিসেবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে অর্থ পাঠানোর আগে নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন কি না। প্রয়োজন হলে তা অবশ্যই নিতে হবে। এছাড়া, রয়্যালটি, প্রযুক্তি জ্ঞান ফি, টেকনিক্যাল সহায়তা বা ফ্র্যাঞ্চাইজি ফি সংক্রান্ত রেমিট্যান্সের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্দেশনা মানতে হবে।
নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, শুধু ব্যাংক, বিমা কোম্পানি, পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো এই সুবিধার বাইরে থাকবে। ফলে বাণিজ্যিক সেবা খাতের প্রতিষ্ঠানগুলো এখন তাদের ব্যবসায়িক প্রয়োজনে আরও সহজে বিদেশে অর্থ পাঠাতে পারবে।
এ.আই/এম.আর
