ঢাকা, ২৫ জুন ২০২৫: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এছাড়া, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি, গণ-আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশে ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার জারি করা এক পরিপত্রে এই ঘোষণার কথা জানানো হয়েছে। সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতি বছর এই তিনটি দিবস যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে। ৫ আগস্টের ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’কে ‘ক’ শ্রেণিভুক্ত এবং অপর দুটি দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আবু সাঈদ। এই আন্দোলনের ধারাবাহিকতায় গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পরবর্তীতে ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
এ.আই/এম.আর
.jpeg)