গাজার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর অতর্কিত হামলায় ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১৫ সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার পর কয়েকজন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
মঙ্গলবার (২৪ জুন) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এই জটিল অভিযান পরিচালনা করে বলে সংবাদমাধ্যম প্যালিস্টিন ক্রনিকেল জানিয়েছে। হামলার পর ইসরায়েলি বাহিনী আহতদের উদ্ধারে তীব্র পাল্টা হামলা শুরু করে।
ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা দুই ধাপে এই হামলা চালায়। প্রথমে স্থানীয় সেনাদের লক্ষ্য করে আক্রমণ করা হয়। এরপর উদ্ধারকারী সেনা দলের ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এতে ইসরায়েলি সামরিক যান, বিশেষ করে একটি সাঁজোয়া যানে আগুন ধরে যায়।
আহত সেনাদের হেলিকপ্টারে করে তেল আবিবের তেল হাসোমের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের পরিবারকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে।
সম্প্রতি গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করে হামলা জোরদার করেছে।
এ.আই/এম.আর
