গল টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ শ্রীলঙ্কার সামনে দাঁড় করিয়েছে ২৯৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট। নাজমুল হোসেন শান্তর অপরাজিত ১২৫ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৩৭ ওভারে এই টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কার জন্য সমীকরণ কঠিন।
দিনের শুরুতে বাংলাদেশের লিড ছিল ১৮৭ রান। শান্ত ও মুশফিকুর রহিম সাবধানী ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেন। তবে লাঞ্চের আগে বৃষ্টির কিছুক্ষণ আগে মুশফিক ৪৯ রানে রানআউট হন। তখন শান্ত সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে। সেঞ্চুরির জন্য ২২ বল খেললেও শান্ত ধৈর্য হারাননি। সেঞ্চুরির পর তিনি মাত্র ৯ বলে ২৫ রান তুলে আগ্রাসী মেজাজে ব্যাট করেন।
লিটন কুমার দাস ও জাকের আলী অনিক স্পিনের কাছে হার মানলেও নাইম শেখ শান্তকে দারুণ সঙ্গ দেন। শেষ পর্যন্ত ২৯৫ রানের লিড নিয়ে শান্ত ইনিংসের ইতি টানেন। বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখন আগ্রাসী বোলিংয়ের মাধ্যমে জয়ের স্বপ্ন দেখছে। শ্রীলঙ্কা ম্যাচ জিততে চাইবে, নাকি ড্রয়ের পথে হাঁটবে, তা দেখার অপেক্ষা।
এ.আই/এম.আর
